
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে ১ কেজি ৩৩ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫, রাজশাহী), সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
২৯ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন হাজীপাড়া গোরস্থান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসআরবি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, সদর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামস্থ গোরস্থানের ভেতর একটি সন্দেহজনক ব্যাগ পড়ে রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। গত ২৯ অক্টোবর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে সাক্ষীদের উপস্থিতিতে গোরস্থানের ভেতর তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে সাদা স্বচ্ছ পলিপ্যাকে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১.০৩৩ কেজি (১ কেজি ৩৩ গ্রাম) অবৈধ মাদকদ্রব্য হেরোইন জব্দ করা হয়। তবে অভিযانকালে ঘটনাস্থল বা এর আশপাশে সন্দেহজনক কাউকে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।