
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাপখালী এলাকায় জমি কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে শহীদুল্লাহর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে সাপখালী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জমি নিয়ে বিরোধে ভুক্তভোগী দুই ভাই মোসলেম ও আলম মিয়াসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০০৮ সালে শহীদুল্লাহর কাছ থেকে ১৩ শতাংশ জমি ১ লাখ ৩০ হাজার টাকায় মৌখিকভাবে ক্রয় করেন মোসলেম ও আলম মিয়া। জমি কেনার পর থেকে দীর্ঘদিন ধরে তারা তা ভোগদখল করে আসছেন। তবে জমি বিক্রির সময় দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। সম্প্রতি এলাকায় জমির দাম বেড়ে যাওয়ার পর বিক্রির বিষয়টি অস্বীকার করছেন শহীদুল্লাহ বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
তারা জানান, জমির বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। এতে দীর্ঘদিন ধরে জমি ভোগদখলে থাকা দুই ভাই জমির মালিকানা নিয়ে জটিলতায় পড়েছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শহীদুল্লাহর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অন্যদিকে, জমি বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন শহীদুল্লাহ। তার দাবি, তিনি মোসলেম ও আলম মিয়ার কাছে কোনো জমি বিক্রি করেননি। বরং তাকে হয়রানি করা হচ্ছে।
দীর্ঘদিনের এ বিরোধকে কেন্দ্র করে সাপখালী এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। মানববন্ধন থেকে ভুক্তভোগী ও এলাকাবাসী জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং বিরোধের ন্যায়সংগত সমাধানের দাবি জানান।