
বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে দিনে দুপুরে ইজিবাইক ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তাদের জেলা হাজতে পাঠায় আদালত। আটক ব্যক্তিরা হলো, গাইবান্ধা জেলার সাঘাটা থানার ধনারুহা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিপন মিয়া (১৮), পটুয়াখালীর সদরের লাকাঠি কিসমত গ্রামের জসিম হাওলাদারের ছেলে মোঃ রাব্বি হাওলাদার (১৮), নারায়নগঞ্জের ফতুল্লা থানার রুবেল মিস্ত্রীর ছেলে মোঃ ইশান মিস্ত্রি (১৮), মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের লুৎফর সরদারের ছেলে মোঃ সাকিল সরদার (২৪) ও মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সেতু (১৯)।
জানা যায়, শনিবার সকালে কালকিনি উপজেলার শিকারমঙ্গলবার এলাকার মিয়ারহাট বাজার থেকে যাত্রীবেশে ওই এলাকার চালক ইয়ার হোসেনের ইজিবাইকে ওঠে কয়েকজন যুবক। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা এলাকার চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ইয়ার হোসেকে কুপিয়ে ইজিবাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ওই ৫ ছিনতাইকারীকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে ওই ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় ছিন তাইয়ের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে ৫ ছিনতাইকারীদের নামে কালকিনি থানায় মামলা দায়ের করেন চালক। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন জানান, ইজিবাইক ছিনতাইকালে চালককে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় ৫ জনের নামে মামলা করেন ওই চালক। পরে আটক ৫ জনকে গ্রেফতার দেখিয়ে বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক মোঃ আলমগীর হোসেন শুনানী শেষে ৫ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।