
রকিব হাসান
বিশেষ প্রতিনিধি:
মাদারীপুর সদরে ৯৫০০ পিচ ইয়াবাসহ হাসি বেগম (৪৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৭-ই ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকায় নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হাসি বেগম ওই এলাকার লুৎফর মাতুব্বরের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে হাসি বেগম ও তার ছেলে সাদ্দাম মাতুব্বর ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিলো এমন সংবাদদের ভিত্তিতে ঘটকচর এলাকার লুৎফর মাতুব্বরের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঘরের ভেতর লুকিয়ে রাখা ৯৫০০ পিচ ইয়াবাসহ হাসি বেগমকে গ্রেফতার করা হয়। অভিযানের বিষয়ে টের পেয়ে পালিয়ে যায় তার ছেলে সাদ্দাম মাতুব্বর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদারীপুরের উপ-পরিচালক মো: আসলাম হোসেন জানান, হাসি ও তার ছেলে দীর্ঘদিন ধরে ঘটকচর ও তার আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ হাসি বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আলামতসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।