
নুর আলম
চীফ রিপোর্টার:
বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বরকত-সালাম-জব্বার-রফিকসহ নাম না জানা আরও যারা পাকিস্তানী শাসকের গুলির সামনে বুক পেতে জীবন উৎসর্গ করেছেন, প্রতি বছর এই দিনে জাতি সেই বীরদের বিনম্র শ্রদ্ধা জানায়। সারাদেশের ন্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের শহীদ মিনারে রাত ১২’টা ১মিনিটে জাতির সেই মহান বীরদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কর্ণেল (অবঃ) সৈয়দ নজরুল ইসলাম রাসেল।
মাদক বিরোধী আন্দোলন ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অস কস) এর উদ্যোগে জাজিরা উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির বীরদের সম্মান প্রদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাজিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম রফিক এবং সংগঠনের অর্ধশতাধিক কর্মী।
পুষ্পস্তবক অর্পণ শেষে সৈয়দ নজরুল ইসলাম রাসেল বলেন, ভাষার জন্য জীবন দেয়ার ঘটনা সারা পৃথিবীতে দ্বিতীয়টি আর ঘটেনি। তাদের বীরত্বের কথা ইতিহাসের পাতায় সারাজীবন রয়ে যাবে। এই দিনটি আমাদের জন্য শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত দিন।