
নুর আলম,শরীয়তপুর প্রতিনিধি:
গত ৯ অক্টোবর (রোববার) রাত আনুমানিক দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার মৃধা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি বসতঘর, রান্নাঘর ও কাছারিঘর সহ মোট ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মোতালেব মৃধার বাড়ির লোকদের হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে।
সরজমিন গেলে ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার সময় মোতালেব মৃধার স্ত্রী রাহিলা বেগম (৬৫) ও তার ৮ বছরের নাতনি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এসময় বাইরে থেকে দরজা বন্ধ করা ছিলো। এবং বাড়িতে থাকা ২টি টিউবওয়েলের নাট খুলে রাখা হয়েছিলো। যাতে আগুন নেভাতে কেউ পানি না দিতে পারে।
মোতালেব মৃধা ও তার পরিবারের দাবি তাদের সাথে কারোর কোনো শত্রুতা নেই।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে আমাদের প্রাথমিক ধারণা। এবং আমরা প্রায় ৪ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ৪১০ নম্বরের একটি সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।