
বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দের জেরে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। এই ঘটনায় পারেভজ খাঁ নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে শহরের দরগাশরীফ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল হাওলাদার (৫৫) সদর উপজেলার মহিষেরচর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে ও চৌরাস্তা এলাকার কাঁচামাল ব্যবসায়ী। এদিকে অভিযুক্ত পারেভজ খাঁ ও শাওন খাঁ শহরের রকেটবিড়ি এলাকার আনু খাঁ এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের আড়িয়াল খাঁ নদে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে পারভেজ খাঁ ও তার ছোটভাই শাওন খাঁ। শনিবার রাতে কে বা কাহারা তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভেঙ্গে ফেলে। এরইজেরে সকালে শহরের চৌরাস্তা থেকে পুরানবাজারে ভ্যানযোগে মালামাল আনতে যাবার সময় দরগাশরীফ এলাকায় পারভেজ ও শাওনের লোকজন জামালের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জামালের দুইহাতের রগ কর্তণ করা হয়। ব্যবসায়ীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে জামালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে সদর মডেল থানা পুলিশ। আটক করা হয় একজনকে। পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবী করে এই ঘটনার বিচার দাবী করেছেন স্বজনরা।