
বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কামাল মাদবর (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। শনিবার সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামাল একই এলাকার সলেমান মাদবরের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজলেম আকন ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের বিরোধ চলে আসছিল। এরইজেরে শনিবার সকালে সাবেক চেয়ারম্যান মোজলেম আকনের সমর্থক সোহবার বেপারী ও বর্তমান চেয়ারম্যান লাভলু তালুকদারের সমর্থক সৈয়দ শাইখের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় ৪ জন আহত হয়। রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাবার সময় কুপিয়ে হত্যা করা হয় ভ্যানচালক কামাল মাদবরকে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।