
কক্সবাজার থেকে এম,এস,এ রেজা :
সমুদ্র কন্যা কক্সবাজারে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-(ম্যাব) দুই দিনের সম্মেলন শুরু হচ্ছে আজ (বুধবার)। এ সম্মেলনে যোগ দেবেন সারাদেশের দেড় শতাধিক মেয়র। ১১ ও ১২ জানুয়ারি সাগর পাড়ের তারকা হোটেল ওশান প্যারাডাইস ও সী প্রিন্সেসের বলরুমে প্রথমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক,বিশেষ অতিথি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আজমত উল্লাহ খান।
এ আয়োজনকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্বাগতিক কক্সবাজার পৌরসভা। ম্যাব এর সহ-সভাপতি কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সার্বিক নির্দেশনা এবং পরামর্শক্রমে অগ্রগতি কাজের তদারকি করছেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম। এরই মধ্যে একাধিক প্রস্তুতি সভাও হয়েছে কক্সবাজার পৌরসভায়। এতে বেশ কয়েকটি উপ-কমিটিও করে দেওয়া হয়।
এদিকে মেয়রদের এ অনুষ্ঠানকে ঘিরে ব্যানার-ফ্যাস্টুনে ছেয়ে গেছে সম্মেলন স্থলের আশপাশের এলাকা। সবখানে তুলে ধরা হয়েছে কক্সবাজার পৌরসভার অভূতপূর্ব উন্নয়ন চিত্র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, “বদলে যাওয়া কক্সবাজার” এমন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে উন্নত পর্যটন নগরীকে দেখানো হবে সারাদেশের মেয়রদের।
এছাড়াও অতিথিদের সম্মানে সমুদ্র সৈকতে ফানুস উড়ানো উৎসব, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে। আয়োজনটি সফলভাবে শেষ করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন মেয়র মুজিবুর রহমান