
বরিশাল প্রতিনিধিঃ
সরবরাহ বেশি হওয়ায় বরিশালে শীতকালীন সবজির দাম কমেছে। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি সবজি ২ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে। এদিকে কাঁচা মরিচের দামও কমেছে ২০ থকে ২৫ টাকা। সোমবার (৩০ জানুয়ারি) বরিশাল নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার বহুমুখী সিটিতে সরেজমিনে দেখা যায়, শীত উপেক্ষা করে ভোর থেকেই কর্মযজ্ঞ শুরু হয়। হাঁকডাকে দিনভর সবজি বেচাকেনা চলে।
এই বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলাসহ বিভিন্ন জাতের সবজি মিলছে। দামও কমেছে প্রকারভেদে কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত। এদিকে ১১০ টাকা কেজির কাঁচা মরিচ ২০ থেকে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।
এ বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ১০ টাকায়, বেগুন ১৫ টাকায়, গাজর ২০ টাকায় ও শসা বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি দরে।
পাইকারি ব্যবসায়ীরা বলেন, সবজির দাম একটু কমেছে। এতে আমাদের সুবিধা। দাম এমন থাকলে আমরাও খুশি। সাধারণ জনগণও খুশি।
একজন সবজি বিক্রেতা বলেন, সব সবজির সরবরাহই ভালো। তাই আমরা ২ থেকে ৫ টাকা কমেও বিক্রি করছি। তা ছাড়া চাহিদাও আছে তাই বিক্রি ভালো।
সরবরাহ এমন থাকলে সামনে সবজির দাম আরও কমতে পারে উল্লেখ করে বরিশাল বহুমুখী সিটি মার্কেট মালিক সমিতির সদস্য হারুনর রশীদ বলেন, কৃষকরা প্রচুর পরিমাণ সবজি ফলিয়েছে। তাই সবজির সরবরাহ অনেক ভালো। তাই দাম আরও কমার আশা করছি আমরা।
বরিশালের সবচেয়ে বড় পাইকারী সবজি হাট বহুমুখী সিটি মার্কেটে ১৫০টি সবজির দোকান আছে।