
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক এনায়েত হোসেন চৌধুরী, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
১০ম জাতীয় এসএমই পণ্যমেলার সফল সমাপ্তির পর চলতি অর্থবছরে দেশে ৬টি বিভাগে এসএমই পণ্যমেলা আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। গত ১ ফেব্রুয়ারি বরিশালে মেলার উদ্বোধন করা হয়েছে। চলবে সাত দিন। এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজক।
মেলার ৬০টি স্টলে ৬০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকছে। প্রথম ‘বিভাগীয় এসএমই পণ্যমেলা’ রাজশাহীতে গত ১২ থেকে ১৮ জানুয়ারি আয়োজন করা হয়। আগামী ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি সিলেটে এবং পরবর্তী সময়ে রংপুর, ময়মনসিংহ ও খুলনায় ‘বিভাগীয় এসএমই পণ্যমেলা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে এসএমই ফাউন্ডেশনের।
মেলার লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে- ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণ, এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ ও সেতুবন্ধ তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা ও ভোক্তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক স্থাপন, পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।