
বিশেষ প্রতিনিধি:
মাদারীপুর সদরে টেক্সটাইল রং দিয়ে মিষ্টি তৈরী করায় এক মিষ্টি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৮-ই ফেব্রুয়ারী) সকালে শহরের ডিসি ব্রিজ এলাকায় ‘বাঘাট সুইটস’ মিষ্টির দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, টেক্সটাইল রং ও কেমিক্যাল দিয়ে মিষ্টি তৈরী করে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে মিষ্টি তৈরীতে এক বোতল রং ও কেমিক্যাল জব্দ করা হয়। এই রং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাদ্যে ভেজাল দেয়ার অপরাধে মিষ্টি ব্যবসায়ী মিরাজ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা ও সর্তক করা হয়েছে। পরবর্তীতে এমন কাজ করলে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। এছাড়া খাদ্যে ভেজাল বন্ধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকার কথা জানান সহকারী পরিচালক।