
স্টাফ রিপোর্টার: উমর ফারুক
নাটোরের বড়াইগ্রাম জোনাইল শিমুলতলা এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় আলিজা খাতুন নামের ৯ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাতে যখন পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকায় আগুন লাগার বিষয়টি প্রথমে কেউ টের পাননি।
শুক্রবার দিবাগত রাতে, কায়েস মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, পরিবারের সদস্যরা জাগা পেয়ে তাড়াহুড়ো করে সবাই ঘর থেকে বের হয়ে আসে কিন্ত ছোট্ট আলিজা ঘরেই থেকে যায়,পরে ফুলের মত নিষ্পাপ শিশুটির আগুনে পুড়ে মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সেমিপাকা এই বাড়ির অধিকাংশ মালামাল পুড়ে যায় এবং একটি শিশুরও মৃত্যু ঘটে।
এই ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনার উদ্রেক করেছে।