
স্টাফ রিপোর্টার:উমর ফারুক
লালপুর উপজেলার কদমছিলান ইউনিয়নের ১নং ওয়ার্ড গধুরার বাসিন্দা আলাল, দুলাল, ও জালাল—তিন ভাই দাবি করেছেন, তাদের ১৫ বিঘা জমি জোরপূর্বক দখল করে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। অভিযোগ রয়েছে, এই জমি ১৯৮২ সালে তাদের দাদা মানবিক কারণে হেবা দলিল (নম্বর: ৭৩০৫) মাধ্যমে তাদের নামে লিখে দেন।
ভুক্তভোগীরা জানান, ৫০ বছর আগে পাক সেনাদের হাতে তাদের বাবা আব্দুর রহমান নিহত হন। বাবার মৃত্যুর পর তারা অসহায় অবস্থায় দাদার শরণাপন্ন হন। দাদা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই জমি তাদের নামে হস্তান্তর করেন। কিন্তু সম্প্রতি একটি চক্র প্রভাব খাটিয়ে জমি দখল করে নিচ্ছে।
জমি সংক্রান্ত কাগজপত্র চাইলেও দখলকারীরা কোনো বৈধ নথি দেখাতে পারেনি বলে দাবি করেন ভুক্তভোগীরা। ইতোমধ্যে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি।
লালপুর থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ বিষয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। তবে জমি দখল সংক্রান্ত অভিযোগে প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা ন্যায়বিচারের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং তাদের জমি ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন।