
মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলা থেকে এবার ৮ জন তামাক চাষের শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহরণের স্থান দূর্গম ও মোবাইল নেটওয়ার্ক বিহীন হওয়ায় তাৎক্ষণিক ভাবে অপহৃত তামাক শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ী থেকে তাদেরকে অপহরণ করা হয়।
একের পর এক অপহরণের কারনে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারীদের মধ্যে অপহরণ আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
এর আগে লামা উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন এবং ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউপি এলাকার ২৬ রাবার বাগানের শ্রমিককে অপহরণ করা হয়। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়।
অপহরণের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছেন। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।