
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কুখ্যাত মাদক কারবারি শামীম আহমদ সবুজ আবারও হেরোইনসহ ধরা পড়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে।
রবিবার (৭ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দহবল বাজার এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সবুজ শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকাগ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট চালিয়ে আসছিল। সে কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ভোটার ছেলে।
ডিবি পুলিশের সূত্র মতে, সবুজ রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইনের একটি চালান নিয়ে বগুড়ার দিকে আসছিল। পথিমধ্যে দুটি চেকপোস্ট পার হয়ে এলেও শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশের কড়া নজরদারিতে ধরা পড়ে যায়।
তল্লাশির সময় তার কাছ থেকে একটি প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। পরিমাণ নির্ধারণের কাজ চলমান রয়েছে।
উল্লেখযোগ্য যে, কিছুদিন আগেই সবুজ ২০০ গ্রাম হেরোইনসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। কিন্তু মাত্র ২৯ দিনেই জামিনে বের হয়ে আবারও মাদকের ঘৃণ্য ব্যবসায় জড়িয়ে পড়ে সে।
ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, “সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”
প্রশ্ন রয়ে যায়—বারবার জামিনে বেরিয়ে এই কুখ্যাতরা কীভাবে আবার সক্রিয় হয়ে পড়ে?
শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, এখন দরকার সমাজের প্রত্যেক সচেতন নাগরিকের সোচ্চার হওয়া। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ হোক সর্বত্র, প্রতিটি এলাকায়, প্রতিটি ঘরে।