
স্টাফ রিপোর্টার: রাজু সাধু
খুলনা, পাইকগাছা :
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক দ্রব্যসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন—মৃত অমূল্য বিশ্বাসের পুত্র রসময় বিশ্বাস (৫৫), তাঁর পুত্র প্রীতম বিশ্বাস (৩০) এবং একই গ্রামের নির্মল চন্দ্র বিশ্বাসের পুত্র দেবব্রত বিশ্বাস (৩৮)।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে রসময় বিশ্বাসের বাড়ি থেকে ১টি দেশীয় পাইপগান, ৫টি তাজা ককটেল, ১৫০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরির সরঞ্জাম, মাদক সেবনের সামগ্রী, ৩টি মোবাইল ফোন এবং ৩টি জাতীয় পরিচয়পত্রসহ তিনজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র নিয়ন্ত্রণ আইনের ১৯(ক) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৫ ধারায় দুটি মামলা (মামলা নং- ১০ ও ১১) দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান চলাকালে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান চলমান থাকবে এবং এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না।