
রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার ধুনট উপজেলায় মেয়ের বাসা থেকে নিজ বাড়িতে ফেরার পথে চলন্ত বাস থেকে পড়ে আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম শহিদুল ইসলাম (৪২)।
বুধবার (১৬ জুলাই) সকাল ৮টায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে তার। সে উপজেলার চালাপাড়া গ্রামের বাদশা সেখের ছেলে এবং চালাপাড়া গ্রামের মোড়ের মনোহরি ব্যবসায়ী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম কয়েকদিন আগে ঢাকার সাভারে মেয়ের বাসায় বেড়াতে যান। সেখান থেকে গত ৮ জুলাই রাতে বাসে চড়ে বাড়ির দিকে রওনা হন। কিন্তু পথিমধ্যে চলন্ত বাস থেকে নামতে অসাবধানতাবশত পা ফসকে পড়ে গিয়ে আহত হন। পরিবারের লোকজন বাড়িতে রেখে তাকে চিকিৎসা দিতে থাকে। কিন্তু অবস্থার অবনতি হলে গত ১০ জুলাই রাতে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহিদুল ইসলামের।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শহিদুল ইসলামের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।