
মোহাম্মদ আবুল হাশেম
বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের লামা পৌরসভার ছাগল খাইয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার ঘনফুট অবৈধভাবে মজুত করা বালু জব্দ করেছে প্রশাসন। রবিবার (২০ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের দীর্ঘদিন অভিযোগ ছিল যে মোঃ জহির ছাগল খাইয়া এলাকায় অবৈধভাবে বালু মজুত করে আসছিলেন। তাদের দাবি, এর আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হলেও বালু মজুত বন্ধ হয়নি।অভিযান শেষে জব্দকৃত বালু ছাগল খাইয়া মৌজার হেডম্যানের জিম্মায় রাখা হয়েছে।
বান্দরবান জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান এবং লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।জানা গেছে, অবৈধ বালু মজুতের কারণে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, অবৈধ বালু মজুতের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।