
স্টাফ রিপোর্টার:
ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার (১০ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়।
সকাল থেকেই মহাসড়কের দুই পাশে জড়ো হতে থাকে হাজারো মানুষ। নারী-পুরুষ, শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে এলাকাটি পরিণত হয় জনসমুদ্রে। একাধিক প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে তারা বিক্ষোভ মিছিল বের করে রুট পরিবর্তনের দাবিতে শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভ শেষে রাজেন্দ্রপুর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যা পরে গণসমাবেশে রূপ নেয়।
আয়োজকরা জানান, প্রস্তাবিত রুটটি বাস্তবায়িত হলে স্থানীয় বসতবাড়ি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তারা দাবি জানান, রুটটি আবাসিক এলাকা এড়িয়ে বিকল্প পথে নেওয়া হোক, যাতে সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত না হয়।
অবরোধ ও বিক্ষোভের কারণে সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। দীর্ঘ যানজট সৃষ্টি হয় মহাসড়কের উভয়পাশে, আটকা পড়ে অসংখ্য যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।
স্থানীয়দের অভিযোগ, তাদের মতামত ছাড়াই রুট নির্ধারণের প্রক্রিয়া চলছে। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন। তবে দুপুর পর্যন্ত অবরোধ চলতে থাকে, যার ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।
প্রসঙ্গত, ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হলেও এর সম্ভাব্য রুট নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ ও অসন্তোষ দীর্ঘদিনের।