
পীরগঞ্জ প্রতিনিধি
মো. আরফান আলী :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাইফয়েড প্রতিরোধে কার্যকর ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ পৌরসভার আয়োজনে ১১ ও ১২ আগস্ট দুই দিনব্যাপী এ কর্মশালা পীরগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পীরগঞ্জ পৌরসভার ২৭ জন মাঠকর্মী অংশগ্রহণ করেন। তাদের টাইফয়েড ভ্যাকসিন প্রয়োগ, সঠিক মাত্রা, সেফটি বক্স ব্যবহারের নিয়ম, প্রচার-প্রচারণা এবং অন্যান্য প্রয়োজনীয় দিকনির্দেশনা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। ভ্যাকসিনটি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ১ ডোজ হিসেবে প্রয়োগ করা হবে।
প্রশিক্ষণ প্রদান করেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. পিয়াস বৈদ্য। এসময় ঠাকুরগাঁও জেলা ইপিআই সুপারভাইজার এনামুল হক উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে মাঠকর্মীরা সঠিক ও নিরাপদভাবে টিকা প্রদানে সক্ষম হবেন, যা এলাকায় টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।