
স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল রুপি ও বাংলাদেশি জাল টাকা উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা ডিবি (উত্তর) এর চৌকস টিম এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতের নাম মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরখাঠী গ্রামের মৃত মান্নান সিকদারের ছেলে। বর্তমানে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় বসবাস করছিলেন।
অভিযানে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়—
ভারতীয় জাল রুপি: ৫০০ রুপির মোট ৭৯টি নোট, যার মূল্য ৩৯,৫০০ রুপি। একই সিরিজ নম্বরের একাধিক নোট পাওয়া যায়।
বাংলাদেশি জাল টাকা: ৫০০ টাকার মোট ২৩২টি নোট, যার পরিমাণ ১,১৬,০০০ টাকা। এখানেও একই সিরিজ নম্বরের বহু নোট উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ভারতীয় নোটগুলোর গায়ে “RESERVE BANK OF INDIA FIVE HUNDRED RUPEES” এবং হিন্দি ভাষায় লেখা থাকলেও এগুলো আসলে ভুয়া। একইভাবে উদ্ধার হওয়া বাংলাদেশি টাকাও জাল।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল টাকা ও রুপি সরবরাহকারী চক্রের সঙ্গে যুক্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর কর্মকর্তারা জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।