
ঢাকা জেলা প্রতিনিধি:
ঢাকা জেলার দোহার থানার একাধিক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬ (ছত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ (দশ) পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
জানা যায়, ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় দোহার থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
১৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৫টা ২৫ মিনিটের দিকে দোহার থানাধীন উত্তর মৌড়া সাকিনের মৌড়া খালপাড় কাইট্টাচান নামক ব্রীক সলিং রাস্তার পাশে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় কামরুল মোড়ল এর বাড়ির দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—
১. ফারজানা আক্তার টুনি (৩২), পিতা- মৃত আমির, মাতা- রিবা বেগম।
২. মোঃ জসিম (২৮), পিতা- মোঃ নুরু শেখ, মাতা- রাজিয়া বেগম।
তারা উভয়ই উত্তর মৌড়া খালপাড় এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, তাদের কাছ থেকে ২৬ (ছাব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ (দশ) পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
অভিযানের ধারাবাহিকতায় একইদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে দোহার থানার আরেকটি দল শাইনপুকুর বানিয়াবাড়ী এলাকায় অভিযান চালায়। জনৈক মোঃ সোহেল রানার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন—
৩. ইমন শেখ (২৩), পিতা- মোঃ বোরহান উদ্দিন, মাতা- আলেয়া বেগম, সাং- খৈরখোলা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।
তার কাছ থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় পৃথক মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে দোহার থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। দোহার থানা এলাকায় মাদক ব্যবসা ও সেবন রোধে নিয়মিত টহল ও গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হবে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে আরো জোরদার করার আহ্বান জানিয়েছে।