
মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে দরিদ্র ও অসহায় রোগীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) পীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ অনুদান প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. রফিকুল ইসলাম এসময় রোগীর আবেদন প্রক্রিয়া শেষে ইতিপূর্বে যেসব রোগী মৃত্যুবরণ করেছেন তাদের উত্তরাধিকারীদের হাতে এককালীন ৫০ হাজার টাকার চেক তুলে দেন। মোট আটজন মৃত রোগীর পরিবার এ অনুদান পান। এর মধ্যে পাঁচজন ক্যান্সার রোগী এবং তিনজন স্ট্রোক-প্যারালাইজড হয়ে মৃত্যুবরণ করেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার দেলোয়ার হোসেন, ইউনিয়ন সমাজকর্মী মাসুদ রানা ও রায়হান আলী প্রমুখ।
সমাজসেবা কর্মকর্তা এস. এম. রফিকুল ইসলাম বলেন,
“সরকার সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সচেষ্ট। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক-প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা বাবদ এককালীন অনুদান প্রদান করা হয়। মৃত্যুর পরেও রোগীর পরিবার যেন কিছুটা হলেও আর্থিক সহায়তা পায়, সেই লক্ষ্যে এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, সমাজসেবা অধিদফতরের এ উদ্যোগ অসহায় পরিবারগুলোর জন্য আশীর্বাদস্বরূপ। এ ধরনের সহায়তা পরিবারগুলোকে সাময়িক হলেও স্বস্তি এনে দিচ্ছে।
উল্লেখ্য, সমাজসেবা অধিদফতরের উদ্যোগে সারাদেশের হাজারো অসহায় ও দরিদ্র রোগী নিয়মিত এ সহায়তা পেয়ে থাকে, যা সামাজিক নিরাপত্তার জালকে আরও সুদৃঢ় করছে।