
স্টাফ রিপোর্টার: উমর ফারুক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেনকে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তার রাজনৈতিক সুনাম নষ্ট করার জন্য এটি একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
ইকবাল হোসেন জানান, মামলায় উল্লেখিত তারিখ, অর্থাৎ ২৩ আগস্ট শনিবার দুপুর ২টায় তিনি সিলেটে ব্যবসায়িক কাজে অবস্থান করছিলেন। অথচ ওই একই দিনে বনপাড়ায় চাঁদাবাজির ঘটনার অভিযোগে তাকে আসামি করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, “যখন আমি ঘটনাস্থলে ছিলাম না, তখন কীভাবে আমাকে এই মামলায় জড়ানো হলো?”
তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, তার ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার সম্মানহানি এবং রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে এই মামলায় ফাঁসিয়েছে।
ইকবাল হোসেন চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “যদি প্রমাণিত হয় আমি এই ঘটনার সঙ্গে জড়িত, তাহলে আমি স্বেচ্ছায় ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করব।”
তিনি নাটোর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, যারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে এবং তাকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।