
স্টাফ রিপোর্টার :
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অনলাইনে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবিকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন এবং ৫টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
গত ৫ আগস্ট পুলিশ সুপার, ঢাকা জেলা মহোদয় কেরানীগঞ্জ মডেল থানার বন্দডাকপাড়া এলাকায় সরকারি কাজে গেলে জানতে পারেন, অজ্ঞাতনামা প্রতারকরা তার পুলিশ ইউনিফর্ম পরিহিত ছবি হোয়াটসঅ্যাপ প্রোফাইল হিসেবে ব্যবহার করে তার নাম-পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের নিকট থেকে চাঁদা দাবি করছে।
ঘটনার পর ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ) এর নেতৃত্বে চৌকস ডিবি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের অবস্থান সনাক্ত করে।
পরবর্তীতে ২৭ আগস্ট ভোরে রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়:
১) মোঃ ইমন আলী (২৩),
২) মোঃ নাহিদুল ইসলাম (২৭),
৩) মোঃ তানজির ওরফে তানজু (২৮)।
গ্রেফতারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৮টি বাটন মোবাইলসহ মোট ১২টি মোবাইল ফোন এবং ৫টি ভিজিটিং কার্ড জব্দ করা হয়।
ধৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-৪৩, তারিখ-২৮/০৮/২০২৫ খ্রিঃ, ধারা পেনাল কোড ১৭০/৩৮৫ তৎসহ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২২/২৭ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।