
রানা মাহমুদঃ
মাদারীপুরের খোয়াজপুর মঠেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বর্ণের দোকানসহ আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বাজারের মুন্সি ডেকোরেটর নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তা দিয়ে যাতায়াতকারী এক ব্যক্তি আগুন দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মুদি দোকান, ডেকোরেটর, স্বর্ণের দোকান, ফার্মেসি ও কাপড়ের দোকানসহ মোট আটটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।