
স্টাফ রিপোর্টার
শিবলু রহমান :
বগুড়া শহরের নাটাইপাড়া বউ বাজার এলাকায় ভোক্তাদের জন্য অস্বাস্থ্যকর ও মারাত্মক ঝুঁকিপূর্ণ খাদ্য পরিবেশনের অভিযোগে দুটি ভর্তা হোটেলে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় “ভর্তা হোটেল” ও “সুজনের ভর্তা হোটেল”কে যথাক্রমে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। রান্নাঘরের মেঝে, দরজা, জানালা, টেবিল সর্বত্র ময়লার স্তর জমে আছে। খাবার প্রস্তুত ও সংরক্ষণের জায়গায় আরশোলা, টিকটিকি এবং বিভিন্ন পোকামাকড় অবাধে বিচরণ করছে। এছাড়া জিলাপি তৈরিতে ক্ষতিকর ও খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করা হচ্ছিল।
তদুপরি, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ, পঁচা ও ফাঙ্গাসযুক্ত দই সংরক্ষণ করে রাখা হয়েছিল, যা বিক্রির উদ্দেশ্যে রাখা হয় বলে নিশ্চিত হয় টিম। এর আগেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠান দুটিকে কিছু নির্দেশনা দিয়েছিল, তবে সেসব নির্দেশনা সম্পূর্ণভাবে অমান্য করে তারা পুনরায় একই ধরনের অপরাধে জড়ায়।
এমন পরিস্থিতিতে মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ খাদ্য প্রস্তুত ও বিপণনের দায়ে ভোক্তা অধিকার আইন অনুযায়ী দুটি হোটেলকে মোট এক লাখ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। এছাড়াও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তরের সাপোর্ট স্টাফ এবং জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করে।
এই ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।