
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ী বাজারে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হক।
অভিযানকালে বাজারে মূল্য তালিকা টানানো না থাকা এবং ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করায় দুই সবজি ব্যবসায়ীকে ২ টাকা করে জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে তাদের ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার আসাদুল হক জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “বাজারে পণ্যের মূল্য তালিকা না রাখা এবং রশিদ না থাকা নিয়মবিরুদ্ধ। এ ধরনের অনিয়ম ঠেকাতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।”
অভিযানের সময় সবজি, মাছ ও ডিমের বাজার ঘুরে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা বন্ধ করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
তিনি বলেন, “ফুটপাত সাধারণ মানুষের চলাচলের পথ। তা দখল করে ব্যবসা করা অনুচিত। ব্যবসায়ীদের সড়ক ছাড়িয়ে নির্ধারিত স্থানে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে।”
অভিযানে সহযোগিতা করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দল।
প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার মাধ্যমে বাজারে শৃঙ্খলা ও ভোক্তাদের স্বার্থ রক্ষা সম্ভব বলে মনে করছেন সচেতন ক্রেতারা।