
মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার :
বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানি আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল রানা মোল্লা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিদ্যালয়ের দাতা সদস্য জনাব রফিকুল ইসলাম রফিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় অপরিহার্য। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও মনোযোগী হতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনায় মনোযোগী হলে ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত নাগরিক হয়ে গড়ে উঠবে।”
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, “আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ, নৈতিক ও মেধাবী হিসেবে গড়ে তোলা। এজন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। অভিভাবকদের সন্তানের পড়াশোনায় নিয়মিত খোঁজখবর রাখা জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।