
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুরে অবৈধ মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর আকন্দপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মধ্যে মো. সাইফুল ইসলাম (৪০), পিতা-আব্দুল জলিল, সাং-রামচন্দ্রপুর পশ্চিমপাড়া এর কাছ থেকে ১০ পিস, এবং মো. আজাদুর আকন্দ (৩৫), পিতা-মৃত দুলু আকন্দ, সাং-রামচন্দ্রপুর পশ্চিমপাড়া এর কাছ থেকে ৫ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকেও একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, “মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নামক এই অভিশাপ দূর করতে শাজাহানপুর থানা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, ট্যাপেন্টাডলসহ অন্যান্য মাদকদ্রব্যের কারণে এলাকার তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছিল। পুলিশ এ ধরনের অভিযান নিয়মিত চালালে সমাজে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।