
মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে পরিচালিত দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে পৌর এলাকার শিবনগরে পিন্টু জামানের মালিকানাধীন এইচ.এম.বি.এম ব্রিকস এবং ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার মালিকানাধীন এ.এম.বি.এম ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান এবং কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে এস্কেভেটরের সাহায্যে ইট পোড়ানোর গোল প্রাচীর ও স্থায়ী চিমনি ভেঙে ফেলা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন,
“সরকারি বিধিমালা অনুযায়ী পৌরসীমার ভেতরে কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। গত ২৫ সেপ্টেম্বর পৌর এলাকার তিনটি ভাটায় অভিযান চালিয়ে সীমানা প্রাচীর ভেঙে মালিকদের ভাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা মুচলেকা দিলেও তার মধ্যে দুইটি ভাটা পুনরায় অবৈধভাবে কার্যক্রম চালু করায় আজ আমরা তা সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছি।”
তিনি আরও জানান, বাকি একটি ভাটা নির্দেশনা মেনে কার্যক্রম বন্ধ রেখেছে। পুরো শীত মৌসুম জুড়ে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।