
নিজস্ব প্রতিবেদক:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।
শনিবার (২১-শে ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
আইজিপি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও আত্মমর্যাদার সংগ্রামের এক অনন্য অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতার পথকে সুগম করেছে। তাঁদের এই ত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মহান শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আইজিপি মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।