
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া মিষ্টি উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।
বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলোচিত ‘সুইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মিষ্টি উৎপাদন ও বিক্রির সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
আদালত সূত্র জানায়, পবিত্র রমজান মাসে বাজার তদারকি জোরদার ও নিরাপদ খাদ্য উৎপাদন এবং বিক্রয় নিশ্চিত করতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বিভিন্ন ফলের দোকান, তেল পাম্পসহ একাধিক প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০/৩০ ধারা লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। এ সময় বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার খাইরুল ইসলাম, পরিদর্শক মামুনুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।