
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলীরমোড় এলাকায় হাইওয়ে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বিআরটিসি বাস (রেজিঃ নং ঢাকা-মেট্রো-ব-১১-২২০৩) সালন্দর ইউনিয়নের আলীরমোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মিনিপিকআপ (রেজিঃ নং ঢাকা-মেট্রো-ন ১৫-১৮৫৮)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. নাঈম ইসলাম (৩০)-কে মৃত ঘোষণা করেন। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের বাসিন্দা এবং মো. মোবারক হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত মিনিপিকআপের চালক মো. সফিকুল ইসলাম (৪৫) ও হেলপার মো. বাবু মিয়া (৩০)-কে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বাবু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।