
শাহেদ আহমেদ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে নাদিয়া (১৬) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাদিয়া কৃষ্ণনগর গ্রামের মোঃ রব্বানীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে নাদিয়া নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। কিছু সময় পর পরিবারের সদস্যরা ঘরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাদিয়ার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একজন প্রাণবন্ত কিশোরীর এমন অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর বেদনা।
তবে কী কারণে নাদিয়া এমন চরম সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে নানা আলোচনা থাকলেও প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আত্মহত্যার পেছনের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।