
মোঃ সেলিম উদ্দিন
জামালপুর
জামালপুর শহরের নতুন বাইপাস মোড় এলাকায় এক অটোরিকশাচালককে ঘুষি মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়া এবং ঘটনার ছবি তুলতে যাওয়ায় এক সাংবাদিকের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) রুহুল আমিনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল নতুন বাইপাস মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রুহুল আমিন। এ সময় একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেন তিনি। অটোরিকশাটি থামতে সামান্য দেরি হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই পুলিশ কর্মকর্তা।
অভিযোগ রয়েছে, কথাকাটাকাটির একপর্যায়ে টিআই রুহুল আমিন অটোরিকশাচালককে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন। পুলিশের শক্ত ঘুষিতে ওই চালকের নাক ও মুখ ফেটে রক্তাত্মক জখম হয়। অটোচালককে মারধরের এই দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিত একজন স্থানীয় সাংবাদিক নিজের মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করার চেষ্টা করেন। এতে আরও উত্তেজিত হয়ে পড়েন টিআই রুহুল আমিন। তিনি ওই সাংবাদিকের ওপর চড়াও হন, তাকে গালিগালাজ করেন এবং তার মুঠোফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করাসহ গায়ে হাত তোলেন বলে অভিযোগ উঠেছে।
একই সাথে অটোচালক ও সাংবাদিকের ওপর পুলিশের এমন চড়াও হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এবং উপস্থিত অন্যান্য চালকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্ত ট্রাফিক কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আহত অটোরিকশাচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই বিষয়ে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত টিআই রুহুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি।