
শাহেদ আহমেদ,
সাতক্ষীরা
সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে পুলিশের বিশেষ অভিযানে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারিরা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন মোবাইল ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাদিপুর গ্রামের আব্দুর রশিদের ভাটার পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় লোকজনের সহায়তায় ভাটার উত্তর-পশ্চিম কোণের একটি ফাঁকা স্থানে পড়ে থাকা সন্দেহজনক দুইটি বস্তা উদ্ধার করে পুলিশ। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তা দুটি খুলে তল্লাশি চালিয়ে ২৩৪ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলভর্তি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। তবে তাদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
অভিযান শেষে এসআই নকীব পান্নু বাদী হয়ে দেবহাটা থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের গ্রেফতার ও মাদকের উৎস উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, সীমান্তঘেঁষা এলাকাগুলোতে মাদকের বিস্তার রোধে পুলিশের এমন ধারাবাহিক অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।