
মোঃ আব্দুল আজিজ নওগাঁঃ
নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৯ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২৪৪/এমপি সীমান্ত পিলার দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করার চেষ্টা করে। পুশ-ইনকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
সংবাদ পাওয়ার পর আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের শনাক্ত করে। এ সময় তারা ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থান করছিলেন। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিজিবি জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।