
মো:মাসুদ রানা,কালীগঞ্জ (ঝিনাইদহ):
আওয়ামী লীগ সরকারের টানা ১৮ বছরের শাসনামলে বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করা হয়েছিল বলেই দেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান।
শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, যারা আজ বিএনপিকে ভারতের দালাল বলে অপপ্রচার চালাচ্ছে, তারা ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি ভারতের দালালি করলে সরকারপ্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন।
তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে কোনো ধরনের দাদাগিরি মেনে নেওয়া হবে না।
এ সময় তিনি দাবি করেন, সীমান্তে বিজিবি এখন আগের চেয়ে আরও দৃঢ় অবস্থানে রয়েছে।
জামায়াত ও এনসিপির সমালোচনা করে রাশেদ খান বলেন, যারা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন, তারা ১৭ বছর নিজেদের দলীয় কার্যালয়ের তালা খুলতে পারেননি। এখন বড় বড় কথা বলছেন।
হাসনাত আবদুল্লাহর সমালোচনা করে তিনি বলেন,তিনি সংসদে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। কিন্তু ইউনুস সরকারের সময় সরকারি বরাদ্দ নিজের এলাকায় নিয়ে যাওয়া হলে সেটিও কি দুর্নীতির মধ্যে পড়ে না?
পুশ-ইন (Push-in) ইস্যু প্রসঙ্গে রাশেদ খান বলেন, বিজিবি এখন সাহসের সঙ্গে সীমান্তে জবাব দিচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বার্থ রক্ষায় আরও দৃঢ় অবস্থান নেবে। বিএনপি কোনো দেশের দালালি করে না—না ভারতের, না পাকিস্তানের।
তিনি আরও বলেন, আজ শিবিরের এক কেন্দ্রীয় নেতা পাকিস্তান সফর করে লাল গালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে ভারতের দালাল বলছেন। তাহলে প্রশ্ন থেকেই যায়, আপনারা কি পাকিস্তানের দালাল?
অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।