
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক জাকিয়া সুলতানা রোজি এই বাজেট উপস্থাপন করেন।
রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে প্রস্তুতকৃত এই বাজেটে বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৩ লাখ ৯৫ হাজার টাকা।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি বলেন, “আমরা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জনসেবামূলক কাজে।”
বাজেটের উল্লেখযোগ্য বরাদ্দ ও পরিকল্পনার মধ্যে রয়েছে:
বাসাবাড়ি থেকে নিয়মিত ময়লা-আবর্জনা সংগ্রহ ও আধুনিক ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ,বিশুদ্ধ বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন।
কবরস্থান ও শ্মশান নির্মাণসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন।
পৌর প্রশাসক আরও বলেন, পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান করতে নাগরিক সুবিধা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। তিনি হালুয়াঘাট পৌরবাসীর প্রতি নিয়মিত পৌরকর, ব্যবসা লাইসেন্স ফি, দোকানভাড়া, পানির বিলসহ পৌরসভার যাবতীয় পাওনা সময়মতো পরিশোধ করার জন্য বিনীত আহ্বান জানান।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকের উল্লাহ, ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।