
মো. নাজমুল হাসান,
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ধরলা ব্রিজ চেকপোস্টে দায়িত্ব পালনকালে এক নিখোঁজ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী থানার দ্বিতীয় ধরলা ব্রিজ এলাকায় দিবাকালীন চেকপোস্ট ডিউটির সময় এএসআই (নিঃ) মো. বাদশা আলমগীর সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম মো. সোহাগ মিয়া (১৩) বলে পরিচয় দেয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সোহাগ গত ৪ জুলাই নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবার রংপুর জেলার পীরগাছা থানায় ৬ জুলাই একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩০৩) করেছে।
পরে সোহাগকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হলে তার বড় ভাই মো. সাগরসহ স্বজনরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হন। জন্মসনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি পীরগাছা থানার সঙ্গে যোগাযোগ করে কিশোরটির পরিচয় ও নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হয় ফুলবাড়ী থানা পুলিশ।
যাচাই-বাছাই শেষে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার হওয়া কিশোর সোহাগ মিয়াকে সুস্থ অবস্থায় তার বড় ভাই মো. সাগরের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় পরিবারের সদস্যরা ফুলবাড়ী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন