
বিশেষ প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার আওতাধীন বরিশাল জেলার রহমতপুরে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ কার্যক্রম পরিদর্শন করেছেন।
প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া মেজর জেনারেল এম খায়ের উদ্দীন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ, মৌখিক আদেশ প্রদান, উদ্ভাবিত সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারিত্ব ও অভিযানিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের গভীর আস্থা রয়েছে। তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য উপস্থিত ছিলেন।