
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার ধামসোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে মোট ১,৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।