
বাবলুশেখ রাজবাড়ী
রাজবাড়ীর প্রধান ডাকঘর থেকে ‘ফিক্সড ডিপোজিট’ ও সঞ্চয়পত্র করতে আসা গ্রহকদের কোটি টাকা আত্মসাতের ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে এক নারী আদালতে মামলা দায়ের করেছে ।
বৃহস্পতিবার(৩০ জুলােই) দুপুরে ভুক্তভোগীদের পক্ষে নাছরিন আক্তার নামে এক নারী বাদী হয়ে সদর উপজেলার আমলী আদালতে মামলার আবেদন করেন।
আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হায়দার আলী মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী প্রধান ডাকঘরের ১৩ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে সমন জারি করে । মামলার বাদী নাছরিন আক্তার সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর সদর আমলী আদালতের পেশকার উত্তম কুমার সাহা।
মামলার অভিযুক্তরা হলেন, রাজবাড়ী পোস্ট অফিসের সাবেক পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র বিশ্বাস, লেটার রাইটার শিহাব মৃধা, পিএলআই এজেন্ট মাহবুব মৃধা, লেটার রাইটার মাহবুবুর রহমান, পোস্টাল অপারেটর নাজমুল হাসান, ট্রেজারার প্রনব কুমার সরকার, এমএলএসএস মোঃ রেজাউল আলম, পোস্টাল অপারেটর গোলাম মোস্তফা, পোস্টাল অপারেটর এস এম নরুজ্জামান, পোস্টাল অপারেটর আসমা আক্তার, প্যাকার কাম মেইল ক্যারিয়ার বিউটি রানি দাস, নুরুল মাসুদ ও রোকনাসানা আক্তার।
মামলার সূত্রে জানা যায়, জুন মাসের বিভিন্ন তারিখে জেলার বিভিন্ন স্থান থেকে ‘ফিক্সড ডিপোজিট’ সঞ্চয়পত্র করতে আসেন জেলার ৫০ জন গ্রাহক। গ্রহকরা পোস্ট অফিসে আসলে পোস্ট অফিসের পোস্ট মাস্টার বিকাশ বিশ্বাসের কাছে যান।
তিনি গ্রাহকদের লেটার রাইটার শিহাবুর রহমানের কাছে পাঠিয়ে দিতেন। শিহাবুর রহমান একটি সাদা স্লিপে পোস্ট অফিসের সিল দিয়ে গ্রাহকদের বাড়িতে পাঠিয়ে দিতেন। এক সপ্তাহ পর গ্রাহকদের লেটার রাইটার জমাদানকৃত টাকার বই সংগ্রহের কথা বলতেন।
গত ৬ জুলাই রাজবাড়ী প্রধান ডাকঘরে শামিম আহমেদ নামে নতুন পোস্ট মাস্টার যোগদান করেন।
এরপর কয়েকজন গ্রাহক শামিম আহমেদের নিকট ‘ফিক্সড ডিপোজিটের’ টাকার বইয়ের বিষয়টি অবগত করেন। মামলায় ৫০জন গ্রাহকের ৭৬ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাতের দাবি করেছেন ভুক্তভোগীরা।
আসামি পক্ষের আইনজীবী খান মোহাম্মদ জহুরুল হক বলেন, রাজবাড়ী প্রধান ডাকঘর থেকে ৫০ জন গ্রহকের টাকা আত্মসাতের অভিযোগে প্রধান ডাকঘরের ১৩ কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ করে নাসরিন আক্তার নামে এক নারী মামলার আবেদন করেন। বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পোস্ট অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সমন জারি করেছেন।
রাজবাড়ী সদর আমলী আদালতের পেশকার উত্তম কুমার সাহা জানান, রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাতের অভিযোগে সদর উপজেলার আমলী আদালতে ভুক্তভোগী নাসরিন আক্তার ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলার আবেদন করেন।
বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পোস্ট অফিসের ১৩ জন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে সমন জারি করেন। ওই কর্মকর্তা-কর্মচারীদের ৩ নভেম্বর স্বশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
জানতে চাইলে রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার শামিম আহমেদ বলেন, বিজ্ঞ আদালতের আদেশের একটি বিষয় আমরা জেনেছি। আদেশের কপি হাতে পেলে আমরা বিস্তারিত জানতে পারবো