
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান-এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আপেল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, ৫ আগস্ট ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকার ওয়ালটন শোরুমের সামনে অভিযান চালিয়ে মো. শাহিন মিয়া (২৭)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।