
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৫৪ লিটার অবৈধ চোলাইমদ জব্দ করেছে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির একদল সদস্যের একটি টিম এ কাজে অংশগ্রহণ করে। অভিযান সূত্রে জানা যায়, উপজেলার কানোইল এলাকায় অভিযান চালিয়ে করোলিনা হেমরম (৪১)-এর কাছ থেকে ১৫ লিটার এবং একই এলাকার শ্রীমতি সিমিতারা (৩৩)-এর কাছ থেকে ৯ লিটার চোলাইমদসহ তাকে ধরা হয়। এছাড়াও টিকারামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন সেখান থেকে মিস্ত্রি কিস্কু (৩৫)-এর নিকট হতে ৩০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। ৩টি অভিযানে জব্দ করা চোলাইমদের পরিমাণ ৫৪ লিটার। এই অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে । আটকৃতদের মধ্যে করোলিনা হেমরম ও শ্রীমতি সিমিতারাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন, নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।