
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দের জোয়ার। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।
ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিষ্ঠা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তবে তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আনন্দের পাশাপাশি ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সম্ভাব্য উপনির্বাচন নিয়েও জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। দলীয় মনোনয়ন, প্রার্থীর যোগ্যতা, ভোটের সমীকরণ এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের নিয়ে চায়ের আড্ডা থেকে রাজনৈতিক কার্যালয়—সর্বত্র চলছে চুলচেরা বিশ্লেষণ।
বিশেষ করে বিএনপির সামনে এখন বড় প্রশ্ন—ঠাকুরগাঁও-১ আসনে দলীয় প্রার্থী বাছাইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়া হবে, নাকি পরিবারতন্ত্রের অভিযোগ আরও জোরালো হবে। কে হবেন দলের যোগ্য প্রার্থী, তা নিয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব হিরো আলমও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে আলোচনা রয়েছে। ফলে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ও নির্বাচনী মাঠের চিত্র নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
উপনির্বাচনে সংখ্যালঘু ভোটারদের অবস্থানও গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থীর সম্ভাব্য শক্ত অবস্থান নিয়েও আলোচনা রয়েছে। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী যে পরিমাণ ভোট পেয়েছেন, তা স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে হিসাব-নিকাশের জন্ম দিয়েছে। অনেকের ধারণা ছিল, এই আসনে দলটি এতটা শক্ত ভোটব্যাংক গড়ে তুলতে পারবে না।
ফলে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। একদিকে প্রিয় নেতার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ায় জেলার মানুষের গর্ব ও আনন্দ, অন্যদিকে তাঁর ছেড়ে যাওয়া আসনে কে হবেন পরবর্তী জনপ্রতিনিধি—এ প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উপনির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা, দলীয় ভোটব্যাংক, সংখ্যালঘু ভোটারদের অবস্থান, জামায়াতের সাংগঠনিক শক্তি এবং নতুন ভোটারদের মনোভাব—সবকিছু মিলিয়েই ফলাফলের সমীকরণ নির্ধারিত হতে পারে।
সব মিলিয়ে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে ঘিরে ঠাকুরগাঁওয়ে যেমন আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তেমনি সম্ভাব্য উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক জল্পনা-কল্পনা। এখন সবার নজর—ঠাকুরগাঁও-১ আসনের জন্য শেষ পর্যন্ত কোন মুখকে বেছে নেয় রাজনৈতিক দলগুলো এবং ভোটের মাঠে গড়ে ওঠে কী নতুন সমীকরণ।