
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ডিপ্লোমা চিকিৎসক ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব এবং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমনের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শ্রীমন্তপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিয়ে নিয়ামতপুর উত্তর বাজার থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা নিয়ে বক্তব্য দেন।
শোভাযাত্রায় অংশগ্রহণ প্রসঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী আল ফুয়াদ ইমন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করার লক্ষ্যে আমরা শ্রীমন্তপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়ও অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার পথ নয়, বরং সাধারণ মানুষের সেবা করার একটি মাধ্যম। জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে শ্রীমন্তপুর ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
শোভাযাত্রা ও আলোচনা সভায় শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।