
কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় লন্ডন স্কুল অব ইংলিশে চেয়ারম্যান পদ নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্কুলের ভেতরে ঢুকে এক পক্ষের ওপর বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্কুলের অংশীদার ফিরোজ আলম ও তিন শিক্ষক আহত হয়েছেন।
আহত শিক্ষকরা হলেন—বাংলা মিডিয়ামের ইনচার্জ মো. নুরসাদ খান, সহকারী শিক্ষক আলিমুজ্জামান ও অয়ন ঘোষ।
স্কুলসংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, হামলার সময় বিদ্যালয়ে প্রায় ৬০০ শিক্ষার্থীর পরীক্ষা চলছিল। এ ছাড়া নিচতলায় অবস্থান করছিলেন শতাধিক অভিভাবক। হঠাৎ হামলা ও মারামারির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্কুলসংশ্লিষ্টদের দাবি, প্রতিষ্ঠানটির পরিচালনা কাঠামো নিয়ে অংশীদারদের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোটের মাধ্যমে ফিরোজ আলম চেয়ারম্যান নির্বাচিত হন। পরে শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিরোধ আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি সংশ্লিষ্টদের।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে সাবেক চেয়ারম্যান মো. ইউনুস মিয়া ফিরোজ আলমকে নিজের কক্ষে ডাকেন। সেখানে গেলে কয়েকজন বহিরাগত তার ওপর হামলা চালান। ফিরোজ আলমকে রক্ষা করতে এগিয়ে গেলে তিন শিক্ষকও হামলার শিকার হন।
ফিরোজ আলম অভিযোগ করেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ওই ছবি প্রকাশের জেরেই তাকে ডেকে নিয়ে বহিরাগতদের দিয়ে হামলা করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর ব্যবস্থা নেয়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, হামলার আশঙ্কার কথা আগে থেকেই জানানো হয়েছিল। তাই সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশের চারটি মোবাইল টিম মোতায়েন ছিল।
তিনি বলেন, ঘটনার পর দুই পক্ষকে থানায় নেওয়া হয়েছে। কোনো ফৌজদারি অপরাধ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলের ভিডিও ধারণের বিষয়ে তিনি বলেন, ঘটনার পর অনেকে বিষয়টি অস্বীকার করেন। এ কারণে পুলিশ ঘটনাস্থলের ভিডিও ধারণ করে রাখছে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলাকালে এমন হামলার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।